করোনার টিকা নেওয়ার পর ডায়েট চার্ট কেমন হবে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৯ পিএম

করোনার টিকার এক ডোজ নেওয়ার কয়েক সপ্তাহ পর নিতে হবে আরেক ডোজ। পুরো সময়টা শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি। এর ওপরে অনেকটা নির্ভর করবে পার্শ্বপ্রতিক্রিয়া হবে কী হবে না।

টিকা পরবর্তী ডায়েটে কোনটা একেবারে খাবেন না, কোনটা বেশি করে খাবেন-এ নিয়ে জানাচ্ছেন ডায়েটেশিয়ানরা। সংবাদ প্রতিদিনে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রথম ডোজ নেওয়ার পর কোনো না কোনো শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই টিকা নেওয়ার পর প্রথম কয়েকদিন খাদ্যাভ্যাসে বেশ কিছু নিয়ন্ত্রণ কিংবা সংযোজন জরুরি।

টিকা নেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে যা করোনার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন যদি কেউ অ্যালকোহল, গাঁজা ইত্যাদি নেশা করেন সেক্ষেত্রে টিকার ডোজের ক্ষমতা কমে যেতে পারে।

সাধারণত করোনা টিকার ইমিউন রেসপন্স হতে সময় লাগবে দু-তিন মাস। সেক্ষেত্রে প্রথম টিকা নেওয়ার পরবর্তী তিন মাস এমন নেশা থেকে দূরে থাকাই স্বাস্থ্যকর। কারণ ভ্যাকসিন নেওয়ার পর মদ-গাঁজার নেশা করলে শরীরে একটু-আধটুও ক্ষতিও হতে পারে।

টিকা গ্রহণের পর কারও ক্ষেত্রে কিছু না কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা জরুরি যেগুলো শরীরের ইমিউনিটিকে আরও জোরদার করে।

অন্যদিকে ইমিউনিটি বাড়লে টিকার কাজ করার ক্ষমতাও বাড়বে। তাই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও ভিটামিন সমৃদ্ধ খাবার সম-অনুপাতে ডায়েটে রাখুন। বিশেষ করে মৌসুমি ফল-সবজি ইমিউনিটি বাড়াতে বেশি কার্যকর। এছাড়া ১৫-২০ মিনিট গায়ে রোদ লাগাতে হবে।

টিকা নেওয়ার পর প্রতিদিন আড়াই লিটার পানি পান জরুরি। হলুদ, তুলসী পাতা, মধু, আখরোট, আমন্ড ইত্যাদি ডায়েট চার্টে রাখুন। রোজ অন্তত আধ ঘণ্টা হাঁটুন। রোজ ৮ ঘণ্টা ঘুম জরুরি।

যাদের ডায়াবেটিস রয়েছে, টিকা নেওয়ার পর ডায়াবেটিস নিয়ন্ত্রণের ডায়েট মানতেই হবে। কার্বোহাইড্রেটের পরিমাণ কম রাখুন ও মৌসুমি ফল আর শাক-সবজি বেশি করে খান।

যাদের কিডনির রোগ আছে, পানি, পটাশিয়াম মেপে খান। ফল ও শাক-সবজি ডায়াটেশিয়ানের পরামর্শ মেনে খান। এদের ইমিউনিটি বাড়ানোর জন‌্য চিকিৎসকের পরামর্শ মতো সাপ্লিমেন্ট খেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত