রাজধানীর উত্তরায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।
নিহতের পরনে ছিল সেলোয়ার কামিজ ও কালো রংয়ের বোরকা। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা রেলওয়ে থানা পুলিশের কাছে হস্থান্তর করে।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর জয়নাল মার্কেট রেলক্রসিংয়ে এলাকায় পায়ে হেঁটে রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এ সময় উভয় লাইন দিয়ে ট্রেন আসলে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
