যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে চান না বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের বেখেয়ালি আচরণের কারণে তাকে নিরাপত্তাসংক্রান্ত তথ্য দেওয়া উচিত নয় বলেই মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টদের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন তথ্য জানানোর নীতি রয়েছে। সে অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট হিসেবে এখন থেকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য জানার অধিকার রাখেন ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি সিবিসি নিউজের এক সাক্ষাৎকারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একই রকম সৌজন্য রক্ষা করা হবে কি না এবং তিনি গোয়েন্দা তথ্য পাবেন কি না। এ বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি সেটা মনে করি না।
তিনি বলেন, ট্রাম্পের বেখেয়ালি আচরণের কারণেই তার গোয়েন্দা তথ্য পাওয়া উচিত নয়। তিনি বলেন, আমি মনে করি না যে ট্রাম্পকে গোয়েন্দা বিফ্রিং দেওয়ার প্রয়োজন আছে। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে এভাবেই ট্রাম্পের বিষয়ে কথা বলেছেন বাইডেন।
ট্রাম্পকে গোয়েন্দা প্রতিবেদন দেখার অনুমতি দেওয়া হলে কী হতে পারে সে বিষয়ে বাইডেনের সবচেয়ে খারাপ আশঙ্কা কী হবে তা নিয়ে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
