নেত্রকোনার সীমান্তে ভারতীয় ওষুধসহ আটক ১

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৩ পিএম

নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে প্রায় দুই লক্ষাধিকের অধিক টাকা মূল্যমানের ভারতীয় ওষুধসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লংছাতি ইউনিয়নের কালাঘর গোদারাঘাট এলাকা থেকে ভারতীয় ওষুধসহ আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করে বিজিবি।

আটক আব্দুর রহমান কলমাকান্দা উপজেলার রামনাথপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি বেলা সাড়ে ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১১৮৭নং সীমান্ত পিলার হতে নয়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে আটককৃত আব্দুর রহমান সীমান্ত দিক হতে কাঁধে করে কার্টুন নিয়ে আসতে ছিল।

বিজিবি’র পাঁচগাও বিওপি’র হাবিলদার মো. নূরে আলম মোল্লার নেতৃত্বে ছয় সদস্যের একটি দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার কালাঘর গোদারাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। কার্টুন রেখে পালানোর চেষ্টা করলে বিজিবি’র দলটি তাকে ধাওয়া করে আটক করে।

এ সময় কার্টুন তল্লাশি করে আনুমানিক প্রায় দুই লাখ ১০ হাজার ৮৯০ টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের ভারতীয় ওষুধ পাওয়া যায়।

আটক আব্দুল রহমানকে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি’র ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত