আরও একটি টিকার মানবদেহে ট্রায়াল শুরু করছে ইরান। রবিবার তেহরানে রাজি কোভ-পার্স নামে টিকাটি উন্মোচন করেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
আলজাজিরা জানায়, ইরানের শত বছরের পুরোনো টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাজি ভ্যাকসিন অ্যান্ড সেরাম ইনস্টিটিউট এ টিকা বানিয়েছে।
প্রথম পর্যায়ে ১৩০ জন স্বেচ্ছাসেবীর ওপর রাজি কোভ-পার্স টিকা পরীক্ষা করা হবে বলে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান।
তিনি আরও জানান, রাজি কোভ-পার্স হচ্ছে একটি এমআরএনএ টিকা যেটি ভাইরাসের স্পাইক প্রোটিনের একটি নির্দোষ অংশকে পুনর্গঠন করবে। ইনজেকশন এবং ইনহেলেশন উভয় ক্ষেত্রেই টিকাটি মূল্যায়ন হবে। চূড়ান্ত প্রটোকল মেনে এর ফলাফল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তেহরানের অনুষ্ঠানে উপস্থিত থাকা ইরানি কৃষিমন্ত্রী কাজেম কাভাজি জানান, ৯ মাস আগে এ টিকার গবেষণা শুরু হয় এবং প্রায় ৫০০ প্রাণীর ওপর এটি পরীক্ষা করে দেখা হয়েছে।
তিনি বলেন, ‘২৫টি বানরের ওপর এ টিকার পরীক্ষা চালানো নজিরবিহীন একটি রেকর্ড ছিল এবং বড় একটি ঘটনা, সেসময় রাজি ইনস্টিটিউটের কর্মীদের বড় অংশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।’
স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি জানান, এখন পর্যন্ত খুব কমই পার্শ্বপ্রতিক্রিয়া দেখিয়েছে এ টিকা। টিকা গ্রহণকারীকে ভাইরাস ছড়ানো থেকে বিরত রাখবে এটি।
একই দিনে ইরানের প্রথম টিকা কোভিরান বারেকাতের মানবদেহে প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। ৫৬ জন স্বেচ্ছাসেবীর ওপর এ টিকার পরীক্ষা চালানো হয়, যার মধ্যে ছিলেন বেশ কিছু সংখ্যক সরকারি কর্মকর্তাও।
এদিকে গত সপ্তাহে রাশিয়ার তৈরি স্পুটনিক ভি টিকার ১০ হাজার ডোজ ইরানে এসে পৌঁছেছে। এর আগে মস্কোতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ ঘোষণা দেন, রাশিয়ার টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে তেহরান।
