ভারতে টুইটারের পাবলিক পলিসি প্রধানের পদত্যাগ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৫ পিএম

কৃষক আন্দোলন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধের পর ভারতে টুইটারের পাবলিক পলিসি প্রধান মহিমা কল পদত্যাগ করেছেন। শনিবার তার পদত্যাগের খবর নিশ্চিত করেছে মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মটি।

এনডিটিভি, ইন্ডিয়া টুডে, আনন্দবাজারসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

প্রায় ছয় বছর ধরে ভারতে টুইটারের নীতি নির্ধারণের বিষয়টি দেখাশোনা করছিলেন মহিমা। জানুয়ারিতে আচমকা সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি।

সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই টুইটার থেকে পদত্যাগ করেছেন বলে মহিমা জানান। টুইটারের এক শীর্ষ কর্মকর্তাও জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা নিয়েছেন তিনি। তবে মার্চ পর্যন্ত পর্যন্ত দায়িত্বে থাকছেন মহিমা।

টুইটারের পাবলিক পলিসির ভাইস প্রেসিডেন্ট মনিখ ম্যাশ বলেন, ‘এ বছরের শুরুতে মনিকা ভারত ও দক্ষিণ এশিয়ায় টুইটারের পাবলিক পলিসির ডিরেক্টরের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। টুইটারে আমাদের সবার জন্য এটি একটি ক্ষতি।’

তিনি আরও জানান, তার এই বিশ্রাম প্রাপ্য ছিল। পাঁচ বছরেরও বেশি সময়ের পর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ও সম্পর্কের দিকে তার মনোনিবেশ করার ইচ্ছার প্রতি আমরা সম্মান জানাই। মহিমা মার্চ পর্যন্ত তার দায়িত্ব পালন করে যাবেন এবং দায়িত্ব পরিবর্তনে সহায়তা করবেন।

এদিকে পর্যবেক্ষকদের মতে, ভারত সরকারের সঙ্গে টুইটারের মনোমালিন্যের মধ্যে ভারতীয় শীর্ষ কর্মকর্তার পদত্যাগ বেশ তাৎপর্যপূর্ণ।

যদিও এ নিয়ে টুইটার কিছু জানায়নি। বরং মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটির সূত্রে জানানো হয়েছে, ওই ঘটনার সঙ্গে মহিমার পদত্যাগের কোনও সম্পর্ক নেই।

‘মোদি প্ল্যানিং ফারমার্স জেনোসাইড’ অর্থাৎ ‘কৃষকদের হত্যার পরিকল্পনা করছেন মোদি’ হ্যাশট্যাগ নিয়েই টুইটারের সঙ্গে মনোমালিন্যের শুরু বিজেপি সরকারের।

টুইটারকে ওই হ্যাশট্যাগটি সরিয়ে দিতে বলেছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। সেই সঙ্গে বন্ধ করে দিতে বলা হয়েছিল কৃষক আন্দোলন সমর্থনকারী ২৫০টি টুইটার অ্যাকাউন্টও। সরকারের নির্দেশ মেনে টুইটার ওই অ্যাকাউন্টগুলো প্রথমে বন্ধ করলেও পরে তা আবার চালু করে দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে টুইটারকে নোটিশ পাঠায় মন্ত্রণালয়। টুইটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত