চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির মৌতাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত হয়েছেন দুই যাত্রী। এই ঘটনায় আরও পাঁচজন আহত হন।
সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি থানার ওসি আব্দুল মান্নান জানান, বোগদাদ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে চাঁদপুর যাচ্ছিল। এ সময় বাসটি শাহরাস্তি উপজেলার দোয়াভাঙা বাসস্ট্যান্ডে যাত্রী নামিয়ে চাঁদপুর যাচ্ছিল। মাত্র দুই কিলোমিটার পার হওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে বাসের যাত্রী গীতা রানী দাস (৬০) এবং বিভা রানী ভৌমিক (৬২) ঘটনাস্থলে নিহত হন।
এদের মধ্যে গীতা রানী দাসের বাড়ি শাহরাস্তির নাওড়া এবং বিভা রানী ভৌমিকের বাড়ি কুমিল্লার নিমসার এলাকায়।
ওসি আরও জানান, এই ঘটনায় আরও পাঁচ যাত্রী কমবেশি আহত হয়েছেন।
এদিকে, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। শাহরাস্তি থানা-পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে।
