ফেনীর সোনাগাজীতে বসতঘরের সিঁধ কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি করেছে অজ্ঞাত চোরের দল। ঘটনাটি রবিবার রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ঘটে।
জানা গেছে, রবিবার গভীর রাতে কোন এক সময় বিষ্ণুপুর গ্রামের আব্দুল গফুর সরদারের নতুন বাড়ির আবদুস সাত্তারের বসতঘরে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে দুটি স্যামসাং মোবাইল, চার্জলাইট সহ মূল্যবান মালামালসহ প্রায় এক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
একই রাতে ওই গ্রামের আবদুর রাজ্জাকের ঘরে সিঁধ কেটে ঘরে ঢোকার চেষ্টা করে চোরের দল। এ সময় আব্দুর রাজ্জাক টের পেয়ে গেলে পালিয়ে যায় চোরের দল।
এদিকে গত শুক্রবার রাতে রাঘবপুর গ্রামের আব্দুল জলিলের ৫০ হাজার টাকা মূল্যের একটি গাভী চুরি হয়েছে। কয়েক দিনের ব্যবধানে একাধিক চুরির ঘটনার পর থেকে ইউনিয়নে চোরের আতঙ্ক বিরাজ করছে।
চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, চুরি রোধে মডেল থানার পুলিশ ও গ্রাম পুলিশ এলাকায় পাহারা জোরদার করেছে।
