দক্ষিণ চীন সাগরে দুইটি রণতরীর যৌথ মহড়া চালিয়েছে মার্কিন নৌ বাহিনী। তাইওয়ান প্রণালি দিয়ে মার্কিন যুদ্ধজাহাজ যাত্রার কয়েকদিন পর এ মহড়া দেখা গেল।
কাতারভিত্তিক আলজাজিরা এক খবরে বলে, মঙ্গলবার মার্কিন নৌ বাহিনী এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
এ নৌ মহড়ায় অংশ নেয় থিওডোর রুজভোল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং নিমিতজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনাধীন বিমানবাহী দুইটি রণতরী।
বিবৃতিতে বলা হয়, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব সক্ষমতার পাশাপাশি দুই রণতরীর মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে একটি বড় ধরনের মহড়া পরিচালিত হয়েছে।
২০২০ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ব্যস্ততম জলসীমাটিতে দুই রণতরী দিয়ে এটিই প্রথম মহড়া হিসেবে উল্লেখ করা মার্কিন নৌবাহিনী।
কয়েকদিন আগে তাইওয়ান প্রণালি দিয়ে চীনা নিয়ন্ত্রিত প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে ইউএসএস জন এস ম্যাককেইন ডেস্ট্রয়ার যাত্রা করে।
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকের পর প্রথম মার্কিন যুদ্ধজাহাজ দেখা গেল যায় জলসীমাটিতে।
বেইজিং মনে করে, তাইওয়ান প্রণালি দিয়ে বিদেশি কোনো জাহাজ চলাচল করা মানে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। যদিও যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ এ প্রণালিকে আন্তর্জাতিক জলসীমা মনে করে থাকে এবং সেটি সবার জন্য উন্মুক্ত।
দক্ষিণ চীন সাগর দিয়ে বছরে ৫.৩ ট্রিলিয়ন বিশ্ব বাণিজ্য হয়। ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ জলসীমা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অন্যতম বিরোধের ইস্যু।
এ অঞ্চলের সম্পদের ওপর অন্যান্য দাবিদার মালয়েশিয়া, ফিলিপাইনস ও ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের দাবি, দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ এবং প্রতিবেশীদের ভয় দেখানোর চেষ্টা করছে বেইজিং।
