কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী সেতুর কাছাকাছি একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়েছে। এতে ১৪ লাখ পিস ইয়াবা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তারা বলছে, এ চালানটি কক্সবাজারের এ যাবৎকালের সর্ববৃহৎ উদ্ধার হওয়া ইয়াবা চালান।
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করে। এ চালানের সঙ্গে জড়িত দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটকরা হলো কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার মাদক কারবারি মোহাম্মদ ফারুক ও তার সহযোগী বাবু।
কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এ অভিযানে একটি বোট থেকে ইয়াবাভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাট ইয়াবা পাওয়া গেছে। সর্বমোট ১৪ লাখ ইয়াবা রয়েছে।
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, এ চালানের সঙ্গে একটি চক্র জড়িত। এ চক্রের দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
