৮৭ লাখ মানুষের প্রাণ নিল অদৃশ্য হত্যাকারী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৬ পিএম

কয়লা ও তেলের মতো জীবাশ্ম জ্বালানি ব্যবহারে সৃষ্ট বায়ু দূষণে ২০১৮ সালে বিশ্বজুড়ে ৮৭ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ফলে জীবাশ্ম জ্বালানিকে অদৃশ্য হত্যাকারী হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক এক গবেষণায় এ ভয়াবহ চিত্র উঠে আসে বলে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়।

হার্ভার্ড, বার্মিংহাম, লিচেস্টার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা যৌথভাবে এ গবেষণা চালান। এনভায়রনমেন্টাল রিসার্চ সাময়িকীতে গবেষণা সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়।

গবেষণায় দেখা যায়, ২০১৮ সালে প্রতি পাঁচজনের মধ্যে একজনের মৃত্যুর কারণ ছিল বিদ্যুৎকেন্দ্র, যানবাহন এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট এসব দূষণ। যেসব দেশে এ ধরনের দূষণ বেশি, সেখানে মৃত্যুহারও বেশি।

দূষণের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রতি ১০ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। চীনসহ পূর্ব এশিয়ায়ও মৃত্যু বেশি। সে তুলনায় দক্ষিণ আমেরিকা ও আফ্রিকায় মৃত্যুহার কম, ওই দুই অঞ্চলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম বলে গবেষকেরা জানাচ্ছেন।

প্রতিবছর ধূমপান ও ম্যালেরিয়ায় যত মানুষ মারা যান, জীবাশ্ম জ্বালানির দূষণে মৃত্যুর হার তার চেয়েও বেশি। গবেষণা নিবন্ধটিতে বলা হয়, বৈশ্বিক মৃত্যু ও রোগ সৃষ্টিতে মূল ভূমিকা রেখেছে এই দূষণ।

গবেষণা নিবন্ধের সহযোগী লেখক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূগোলবিদ ইলোইস ম্যারাইস বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ফলাফল পাওয়ার পর ইতস্তত করছিলাম। এ ফল ছিল অত্যন্ত বিস্ময়কর। আমরা জীবাশ্ম জ্বালানি থেকে সৃষ্ট দূষণের প্রভাব নিয়ে আরও অনেক কিছু আবিষ্কার করছি।’

জীবাশ্ম জ্বালানি ব্যবহারে সৃষ্ট দূষণের সঙ্গে হৃদ্‌রোগ, শ্বাসকষ্টজনিত অসুস্থতা এমনকি দৃষ্টিশক্তি হ্রাসেরও সম্পর্ক রয়েছে বলে গবেষকেরা জানাচ্ছেন।

গবেষকেরা বলছেন, জীবাশ্ম জ্বালানির দূষণ না থাকলে বিশ্বের জনসংখ্যার গড় আয়ু এক বছরের বেশি বেড়ে যাবে। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনীতি ও স্বাস্থ্য খাতের খরচ কমে যাবে ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত