বগুড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাবা ও ছেলে নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় গাবতলী উপজেলার পেরিরহাটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে বসা নিহত ছেলের মা মনোয়ারা বেগম।
নিহতরা হলেন, মনোয়ার হোসেন মুন্না (২৮) ও তার বাবা জাহিদুল ইসলাম (৬০)। তারা বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মনোয়ার হোসেন মুন্না একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এলাকায় বুধবার মেলা উপলক্ষে মুন্না ছুটি নিয়ে বাড়ি আসেন। মঙ্গলবার সন্ধ্যায় মা মনোয়ারা বেগম ও বাবা জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটারসাইকেলযোগে পেরিরহাট তার বোনের বাড়ি যাচ্ছিলেন। এ সময় একটি ছাগলকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মুন্না ও তার বাবা খুঁটির সঙ্গে লেগে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মুন্না ও তার বাবা মারা যান। মনোয়ারা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও শজিমেক হাসপাতালের অস্বাভাবিক মৃত্যু মামলার তদারকি কর্মকর্তা মিঠুন মিয়া দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে আহত অবস্থায় ভর্তি মনোয়ারা বেগমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।
