নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০১:১০ পিএম

নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার সকাল ১০টায় জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শের আলী মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩২) ও একই উপজেলার বাররা গ্রামের কিসমত সরদারের ছেলে আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি নড়াইল সদর থানার কামকুল এলাকা থেকে রফিকুল ইসলামের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল এবং আবু সাঈদের কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। এসআই খায়রুল ইসলাম তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত