ভারতে হিমবাহ ধসে এখনো নিখোঁজ ২০৪

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১১:২২ পিএম

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমবাহ ধসের পর ঘটা দুর্যোগের তিন দিন পরও প্রায় ২০৪ জন নিখোঁজ রয়েছেন। এদের অধিকাংশই ঋষিগঙ্গার তপোবন বিষ্ণুগাদ জলবিদ্যুৎ প্রকল্পে নিয়োজিত শ্রমিক ছিলেন, ধেয়ে আসা প্লাবনের ধাক্কায় ছোট এ বাঁধটি ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারীরা পর্বতগুলোর আশপাশ থেকে ও ধউলিগঙ্গা নদীর নিম্নপ্রবাহ থেকে এ পর্যন্ত ৩২টি লাশ উদ্ধার করেছে বলে রাজ্য পুলিশ জানিয়েছে। 

বিদ্যুৎকেন্দ্রের একটি সুড়ঙ্গে ৩৫ জন নির্মাণ শ্রমিক আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভেতরে একটি ড্রোন উড়িয়েছে বলে বুধবার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রয়টার্স।

গত রবিবার স্থানীয় সময় সকালে হিমবাহ ধসের পর অলকনন্দা ও ধউলিগঙ্গা নদীতে দেখা দেওয়া হড়কা বানের সঙ্গে বিপুল পরিমাণ কাদা ও পাথর নেমে আসায় কয়েকটি সেতু ও বাঁধ স্রেফ ভেসে যায়। এ সময় ৫২০ মেগাওয়াটের তপোবন বিদ্যুৎ প্রকল্পের দুটি সুড়ঙ্গ পানিতে ডুবে গিয়ে মুখ কাদা ও পাথরে বন্ধ হয়ে যায়। একটি সুড়ঙ্গ থেকে অন্তত ১২ জনকে উদ্ধার করা গেলেও অন্য সুড়ঙ্গটি থেকে এখনো কাউকে উদ্ধার করা যায়নি। এই সুড়ঙ্গে আটকাপড়া শ্রমিকদের বাঁচাতে উদ্ধারকারীরা পানি ও কাদা সরাতে ভারী খননকারী যন্ত্র ব্যবহার করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত