লাদাখ সীমান্ত থেকে সৈন্য সরাতে ভারত-চীন সমঝোতা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৫ পিএম

লাদাখের প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ থেকে সেনা সরিয়ে আগের অবস্থানে ফিরে যেতে সম্মত হয়েছে ভারত ও চীন। বিবদমান দুই পক্ষ থেকেই এ বিষয়ে ঘোষণা এসেছে।

ডয়চে ভেলে জানায়, হ্রদের উত্তরের তীর থেকে চীনের সেনা পূর্ব দিকে নিজেদের স্থায়ী শিবিরে যাবে। ভারতের সেনাও ফিঙ্গার পয়েন্ট চার থেকে সরে গিয়ে স্থায়ী শিবিরে ফিরে যাবে। তবে সেনা সরবে পর্যায়ক্রমে। 

এর ফিঙ্গার পয়েন্ট চার থেকে আট পর্যন্ত কারো অধিকারে থাকবে না। পেট্রোলিং এখন বন্ধ থাকবে।

ভারতের সংসদে সমঝোতার ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তার দেশ এক ইঞ্চি জমিও হারায়নি উল্লেখ করে জানান, আলোচনা চলতে থাকবে। আরও কিছু বিষয়ের সমঝোতা হওয়ার বাকি। ভারত জানিয়ে দিয়েছে, দুই পক্ষকে এলএসি মানতে হবে, কেউ একতরফা কোনো পরিবর্তন করতে পারবে না এবং কোনো জমি দখল করতে পারবে না। ৪৮ ঘণ্টার মধ্যে দুই দেশের সেনা কর্মকর্তারা আবার আলোচনায় বসে বাকি বিষয়ে সমঝোতায় আসার চেষ্টা করবেন।

এ দিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে সেনা সরানো নিয়ে মতৈক্য হয়েছে।

আরও বলা হয়, দুই সরকারের সম্মতিতে যে মাপদণ্ড তৈরি হয়েছিল তা মেনেই প্যাংগং থেকে সেনা সরানো নিয়ে সমঝোতা হয়েছে। বুধবারও বৈঠক হয়েছে। তবে এখনো সেনা সরানোর কাজ শুরু হয়নি। সেনা ও কামান সরাতে কয়েক দিন সময় লাগে। তাই অন্তত তিন-চার দিন সময় লাগবেই। আর আলোচনায় এক সপ্তাহ থেকে দশদিনের মধ্যে সেনা সরানোর কাজ শুরু হবে বলে ঠিক হয়েছে।

গত বছরের মাঝামাঝিতে লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। নিহতও হয় কয়েক জন। উত্তেজনার জেরে সেখানে দুই পক্ষই হাজার হাজার সেনা মোতায়েন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত