যুক্তরাজ্যে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন বিশ্বজুড়ে জেঁকে বসতে যাচ্ছে বলে সতর্ক করেছে ব্রিটিশ জনস্বাস্থ্য কর্র্তৃপক্ষ। সংস্থাটির পরিচালক অধ্যাপক শ্যারন পিকক বলেন, কেন্টের নতুন ধরন যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে এবং তা গোটা বিশ্বে আধিপত্য বিস্তার করবে।
বিবিসি বলছে, গত সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্টে করোনার নতুন ধরন শনাক্ত হয়, যা অনেক দ্রুত সংক্রমণ ছড়াতে সক্ষম। ইতিমধ্যে এটি ৫০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে।
শ্যারন পিকক আরও বলেন, ‘এ মুহূর্তে নতুন ধরনের সংক্রমণ ক্ষমতা আমাদের ভাবিয়ে তুলেছে। আমরা একবার ভাইরাসটির ওপর নিয়ন্ত্রণ এবং রূপান্তরিত হয়ে রোগাক্রান্ত করার ক্ষমতা রুখতে সক্ষম হলেই উদ্বেগের সমাপ্তি ঘটবে। কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে বুঝতে পারছি, কাজটি করতে কয়েক বছর এমনকি ১০ বছরও লেগে যাবে।’
