বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি অ্যাডভোকেট মুজিবর রহমান সরোয়ার বলেছেন, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ সরকারের কাছে নিরাপত্তাহীন হয়ে পড়েছে। যারাই দেশে সত্য বলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে কণ্ঠ রোধ করে জেলে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন মুজিবর রহমান সরোয়ার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি বাণিজ্য বিষয়ক সম্পাদকসহ প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবীবুল ইসলাম হাবীবসহ বিএনপি নেতৃবৃন্দের নামে ভিত্তিহীন মিথ্যা মামলায় সাজা প্রদান এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সরোয়ার বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান শুধু স্বাধীনতাই ঘোষণা করে বসে থাকেননি। তিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধকালীন সময়ে আওয়ামী লীগ নেতারা কোথায় যুদ্ধ করেছিলেন। তাই আগামী প্রজন্মের কাছে বর্তমান অবৈধ সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে ফেলার অপচেষ্টা করার পাঁয়তারা করছে। আওয়ামী লীগ জানে এ দেশ থেকে জিয়াকে কোনো দিনই মুছে ফেলা যাবে না।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর মহিলা দল নেত্রী শামীমা আকবর।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর সহসভাপতি ফিরোজ আহমেদ, আব্বাস উদ্দিন বাবলু, মহানগর স্বেচ্ছাবেকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু. মহানগর যুবদল সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. মাজহারুল ইসলাম রতনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করে মহানগর যুবদল সিনিয়র সহসভাপতি সাজ্জাদ হোসেন।
এদিকে বেলা ১১টায় সাংবাদিক মাইনুল হাসান সড়ক প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে বরিশাল উত্তর জেলা বিএনপি।
বরিশাল উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সভাপতি জিয়া উদ্দিন সুজন, মুলাদি উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাড. তরিকুল ইসলাম দিপু, হিজলা বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুরুল আলম রাজু, উত্তর জেলা যুবদল সাবেক সভাপতি কবীর উদ্দিন আফসারী ও উত্তর জেলা যুবদল নেতা সাইফুল ইসলাম সুজন সহ ছাত্রদল নেতা নজরুল ইসলাম প্রমুখ।
