কুমিল্লার দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার সাতপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের অপু মিয়ার বাড়ি থেকে ডাকাতির প্রস্তুতিকালে জুয়েল রানা (২৮), অপু মিয়া (৩৮), সাজ্জাদ হোসেন (৪২), আল আমিন (২৭) ও আল আমিন হোসেনকে (২০) আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের তথ্যমতে, আরেক সহযোগী শান্ত সরকারকে (২৬) গভীর রাতে আটক করা হয়।
পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি, দুটি শাবল, একটি রামদা, একটি লোহার কাটার, একটি করাত, পাঁচটি ছুরি, একটি কালো টুপিসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নামে দেশের বিভিন্ন থানায় হত্যা, সড়ক ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
