কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতাই চন্দ্র সাহা (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ভৈরব বাজার ডাইলপট্টি এলাকার নিদান চন্দ্র সাহার ছেলে। গতকাল শনিবার সকাল পৌনে ৭টার দিকে শহরের মেঘনাপাড় রেলওয়ে সেতু সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ জানায়, ঘুম থেকে জেগে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা ভৈরবের নদীর পাড় এলাকায় হাঁটতে গেলে সকাল পৌনে ৭টার দিকে রেলওয়ে সেতুসংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার মুঠোফোনটি ছিনিয়ে নিতে চায়। এতে তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। পরে পুলিশ গিয়ে আহত নিতাইকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোকিত ইসলাম বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে এখানে আনার আগেই তার মৃত্যু হয়। ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
