গাজীপুরে লোকালয় থেকে একটি হরিণ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে শ্রীপুরের মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রাম থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে হরিণটি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে কয়েক যুবক বাড়ির পাশে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় স্থানীয়রা কয়েকটি কুকুরকে হরিণ তাড়া করতে দেখে। পরে হরিণটি দৌড়ে কাদায় আটকে যায়। যুবকেরা কাদা থেকে হরিণটিকে উদ্ধার করে বাড়িতে এনে স্থানীয় বন বিভাগকে খবর দেয়।
বন বিভাগের শ্রীপুর রেঞ্জের আওতাধীন শিমলাপাড়া বিটের আব্দুল হাই জানান, হরিণ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষকে খবর দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) তবিবুর রহমান জানান, পুরুষ হরিণটিকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধারের করে প্রাথমিক চিকিৎসা শেষে পার্কের হরিণ বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হরিণ উদ্ধার হওয়ার জায়গাটি পার্ক থেকে ১২/১৫ কিলোমিটার দূরত্বে। পার্ক হরিণ বের হয়ে গেলেও এত দূর যাওয়া সম্ভব নয়। তবুও হরিণটি আসলেই সাফারি পার্কের কিনা অথবা কোথা থেকে আসলো তা খতিয়ে দেখা হচ্ছে।
