দেশে বাণিজ্যিক পরিবহনের সংখ্যা ২৪ লাখ ২২ হাজার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৪ এএম

দেশে যাত্রীবাহী বাণিজ্যিক পরিবহনের (সড়ক) সংখ্যা ২৪ লাখ ২২ হাজার ১২৯। এর মধ্যে যান্ত্রিক পরিবহন ১৭ লাখ ৭৮ হাজার ৮৯৪টি। আর অযান্ত্রিক পরিবহনের সংখ্যা ৬ লাখ ৪৩ হাজার ২৩৪। এছাড়া মালবাহী পরিবহনের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ১২৯। মালবাহী পরিবহনের মধ্যে যান্ত্রিক পরিবহন ১ লাখ ৯৪ হাজার ৩১৮ এবং অযান্ত্রিক পরিবহনের সংখ্যা ৪২ হাজার ৮১১টি। সড়কপথে যাত্রী ও মালবাহী পরিবহনের সংখ্যা ২৬ লাখ ৫৯ হাজার ২৫৭।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অডিটরিয়ামে ‘বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক এবং অযান্ত্রিক সড়ক ও নৌযান জরিপ-২০১৯’-এর প্রকাশনা মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানায় বিবিএস। ‘মডার্নাইজেশন অব ন্যাশনাল অ্যাকাউন্টস স্ট্যাটিসটিকস’ প্রকল্পের আওতায় এ জরিপ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জরিপের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। এতে সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম।

বিবিএস জানায়, পরিবহন শিল্পে (সড়ক ও নৌ পরিবহন) সরাসরি উল্লেখযোগ্যসংখ্যক মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয়। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) খাতটির অবদান ৮০ শতাংশ। বিবিএস পরিচালিত ‘বেসরকারি বাণিজ্যিক যান্ত্রিক পরিবহন জরিপ, ২০০৯’ থেকে প্রাপ্ত বেঞ্চমার্ক তথ্যে ভিত্তি করে বর্তমানে এ খাতের স্থূল মূল্য সংযোজন (জিভিএ) প্রাক্কলন করা হয়। এছাড়া কভারেজ বৃদ্ধি ও বেসরকারি পরিবহন শিল্পের হালনাগাদ জিভিএ প্রাক্কলনের জন্য সড়ক ও নৌপরিবহনের ওপর এ জরিপ করা হয়েছে। এ জরিপের সব তথ্য সরকারি খাতের সড়ক ও নৌপরিবহন শিল্পের তথ্য বার্ষিক বাজেট থেকে নেওয়া হয়েছে।

এ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ জানান, জিডিপি নিরূপণের জন্য দেশের সামগ্রিক অর্থনীতিকে ১৯টি আন্তর্জাতিক মানের শিল্প শ্রেণিবদ্ধকরণ (আইএসআইসি) খাতে ভাগ করা হয়। অর্থনীতির অন্যতম খাত ‘পরিবহন সংরক্ষণ এবং যোগাযোগ’ প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখে। এজন্যই অর্থনীতির অন্য খাতগুলোর সঙ্গে এর সরাসরি সম্পর্ক রয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘এ জরিপের পরিধি ও বিশ্লেষণে যা দেখছি, তা জিডিপিতে বিশেষ অবদান রাখবে। এছাড়া এসডিজির অর্জনেও এ জরিপ অবদান রাখবে। সড়কের অনেক বিশৃঙ্খলা রয়েছে। বিআরটিএ হিসাব অনুযায়ী প্রতি বছর আমরা চার লাখ গাড়ির নিবন্ধন দিচ্ছি। আমাদের জরিপের সঙ্গে বিবিএসের জরিপের তথ্যগত গ্যাপ রয়েছে।’ তিনি বলেন, ‘দেশের প্রতিটি জেলায় অতিরিক্ত যানবাহন চলছে। প্রয়োজনের তুলনায় বেশি যানবাহন রাস্তায় চলাচল করলে শিফটের মাধ্যমে যানবাহন চালানোর নিয়ম রয়েছে। নিয়ম থাকলেও এটা হচ্ছে না। ফলে দুর্ঘটনা বেশি হচ্ছে। লক্ষ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব হচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত