সাতক্ষীরায় নৌকাডুবিতে ৩ শ্রমিক নিখোঁজ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৯ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার সকালে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে স্রোতের মুখে পড়ে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নৌকায় থাকা ১২ জনের মধ্যে নয়জনকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, ভাঙন পয়েন্টে কাজ করার জন্য শ্রমিকেরা নৌকায় চড়ে এক পার থেকে অন্য পারে যাচ্ছিল। পথিমধ্যে খালের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের টানে হঠাৎ নৌকাটি ডুবে যায়।

তাৎক্ষণিক সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে। তারা নিখোঁজ শ্রমিকদের উদ্ধার কাজ শুরু করেছেন।

এ ছাড়া নৌকায় করে নিখোঁজ শ্রমিকদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নিখোঁজ বাঁধ নির্মাণ শ্রমিকেরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। তারা আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা। এছাড়া নৌকাডুবির ঘটনায় আহত একজনকে পাইকগাছার জায়গিরমহল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাহনিয়া এলাকায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে।

গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে সেনা বাহিনীর তত্ত্বাবধানে ভাঙন  পয়েন্ট মেরামতের কাজ চলছে। বিভিন্ন স্থানে শ্রমিকেরা ঠিকাদারের অধীনে এই ভাঙন পয়েন্ট গত আড়াই মাস ধরে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত