করোনাভাইরাস মহামারীতে দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। তবে সামনে অনেক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় প্রয়োজন। গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারি খাতের দৃষ্টিতে বাংলাদেশের অর্থনীতির বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহকারীরা এমন অভিমত দেন।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের সভাপতিত্বে ওয়েবিনারে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মসিউর রহমান বলেন, বর্তমান সময়ের বিবেচনায় জাতীয় সঞ্চয়ের কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে অর্থনীতিতে অর্থপ্রবাহ নিশ্চিত রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকার করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে। এ লক্ষ্যে সহায়ক নীতিমালা প্রণয়ন ও সময়োপযোগী বাস্তবায়নের ফলে দেশের অর্থনীতি সঠিক পথেই পরিচালিত হচ্ছে। সরকার দেশের কৃষি খাতের আধুনিকায়ন, সমাজের অতিদরিদ্র এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন প্রভৃতি বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
