করোনা প্রতিরোধে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। সংক্রমণও কমে এসেছে। এর মধ্যে আশঙ্কাজনক ঘটনা দেখা গেল ভারতের বেঙ্গালুরুতে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, কর্ণাটকের বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টে পার্টির আসর বসেছিল কয়েকদিন আগে। সেই অ্যাপার্টমেন্টেই করোনায় সংক্রমিত হলেন ১০৩ জন।
ইতিমধ্যে ওই অ্যাপার্টমেন্টটিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। করোনা প্রতিরোধে নানা প্রচেষ্টার মধ্যে উদ্বেগ বাড়াল এ ঘটনা।
জানা গেছে, বোম্মানাহাল্লি এলাকায় রাজ লেকভিউ অ্যাপার্টমেন্টে ১০৩ জন বাসিন্দার করোনা পরীক্ষার ফল পজিটিভ মিলেছে। ওই অ্যাপার্টমেন্টে মোট ১০৫৮ জন থাকেন। আক্রান্তদের মধ্যে ৯৬ জনের বয়স ষাটের বেশি। অধিকাংশ আক্রান্তই উপসর্গহীন।
গত ৪ ফেব্রুয়ারি এএনএন লেকভিউ অ্যাপার্টমেন্টে এ পার্টি হয়। ওই পার্টিতে অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই মূলত অংশ নিয়েছিলেন।
এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সে শহরের রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ।
সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা ও প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে যাতে অ্যাপার্টমেন্টগুলোতে অনুষ্ঠানের আয়োজন করা হয় সে ব্যাপারে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ১৪ ফেব্রুয়ারি একটি নার্সিং কলেজের ৪০ জন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হন। কেরালায় বাড়িতে গিয়েছিলেন তারা। সেখান থেকেই এসব শিক্ষার্থী করোনা সংক্রমিত হন বলে জানা গেছে।
