জামালপুরে ৫ জেএমবির ১৫ বছর করে কারাদণ্ড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৯ পিএম

সন্ত্রাস দমন আইনের মামলায় পাঁচ জেএমবি সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে জামালপুর বিশেষ জজ আদালত।

বুধবার দুপুরে জামালপুর বিশেষ আদালতের বিচারক স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মোহাম্মদ খাজা আলম জানান, ২০০৯ সালের ১৫ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার বন্ধ চিথলিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে লোহার পাইপের শর্টপিস, কাচের বোতল, আনুষঙ্গিক বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বইসহ জেএমবির সক্রিয় সদস্য কারি সাইদুর রহমান, আক্কাস আলী, সাইদুল মিয়া, মো. রুকনুজ্জামান ও আজিজুল হককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে জামালপুর সদর থানায় মামলা করা হয়।

পরবর্তীকালে  রুকনুজ্জামান জামিন নিয়ে বর্তমানে পলাতক। ৯ সাক্ষীর সাক্ষ্যে ভিত্তিতে প্রত্যেককেই সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ ২০০৮ এর ৮ ধারা অনুযায়ী ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৯(৩) উপধারায় ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ১০ ধারা অনুযায়ী ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় আদালত। পলাতক আসামি ছাড়া অন্য চার আসামির উপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি মোহাম্মদ খাজা আলম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. জাবেদ আলী, শেখ মো. আবুল কালাম আজাদ ও মো. জাহাঙ্গীর আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত