সাধারণ বায়ুদূষণের কারণে উল্লেখযোগ্য হারে বাড়ছে বন্ধ্যত্বের ঝুঁকি। চীনের ১৮ হাজার দম্পতির ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, তাদের মধ্যে ৩০ শতাংশই অপ্রত্যাশিতভাবে বন্ধ্যত্বের শিকার হয়েছেন। ২০ শতাংশ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে ক্ষুদ্র বায়ুকণা দূষণের মাঝারি উচ্চমাত্রায় বসবাস করার জন্য।
গতকাল বুধবার দ্য গার্ডিয়ানে ওই গবেষণার ফল নিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গবেষণায় যারা এক বছরে চেষ্টা করেও গর্ভবতী হতে পারেননি তাদেরকে বন্ধ্যত্বের আওতায় ধরা হয়েছে। তবে বায়ুদূষণ কীভাবে এই বন্ধ্যত্ব সৃষ্টি করছে তার বৈজ্ঞানিক কোনো কারণ জানানো হয়নি।
চীনের পিকিং ইউনিভার্সিটি থার্ড হসপিটালের প্রজনন ওষুধ কেন্দ্রের গবেষক কিন লি গবেষণাটি পরিচালনা করেন। তিনি বলেন, সম্ভাব্য বাবা-মাকে এই সাধারণ বায়ুদূষণ সম্পর্কে অবশ্যই সতর্ক ও উদ্বিগ্ন হতে হবে।
গবেষক কিন লি বলেন, ‘আনুমানিক ৩০ শতাংশ বন্ধ্যা দম্পতির ক্ষেত্রে কোনো ধরনের বয়স, ওজন ও ধূমপানের মতো পরিচিত কারণ খুঁজে পাওয়া যায়নি। আমাদের গবেষণায় এসব দম্পতিকে ক্ষুদ্র বায়ুকণা দূষণের ঝুঁকিই এর কারণ হিসেবে নির্দেশ করেছে। আর আমাদের গবেষণাটি করা হয়েছে একেবারেই সাধারণ মানুষের ওপর।’
