ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমীনকে বদলি করে শাস্তির দাবিতে ঢাকান্ডাময়মনসিংহ মহাসড়ক অবরোধসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে এ অবরোধের সময় মহাসড়কের দুইপাশে অন্তত দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেলী শারমীন রোগী ও হাসপাতালের স্টাফদের সঙ্গে অসদাচরণ করে থাকেন। তার বিরুদ্ধে করোনার প্রণোদনার টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয় সাংসদ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর বিরুদ্ধে গণমাধ্যমে ‘মিথ্যা বক্তব্য’ দেওয়ার প্রতিবাদে তাকে বদলি ও শাস্তির দাবিতে আমাদের এ আন্দোলন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল আমীন লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হায়াত খান নঈম, ভালুকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ মাস্টার, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন, ভালুকা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামন মামুন ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
এসব ঘটনায় ডা. সোহেলী শারমীনের বক্তব্য নিতে গেলে তিনি বলেন, ডিজির অর্ডার ছাড়া আমি কোনো কথা বলতে পারব না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয় সেজন্য থানাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা শামীমা শিরিন লুবনা কর্তৃক একজন ক্রীড়াব্যক্তিত্বকে মানসিক নির্যাতনের প্রতিবাদ এবং ওই ডাক্তারের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে ক্রীড়া ফাউন্ডেশনের আয়োজনে মেইন বাসস্ট্যান্ডের মহাসড়কের পাশে মানববন্ধনের পর ডা. শামীমা শিরিন লুবনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি দেওয়া হয়।
ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি অজিত ভট্টাচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আজাদ রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, মোস্তফা আবদুল জলিল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, মানবাধিকারকর্মী শিবুপদ বিশ্বাস প্রমুখ।
