ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আওয়ামী লীগ থেকে সম্প্রতি বহিষ্কৃত মাহমুদুল হক ভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
মতবিনিময় সভায় মাহমুদুল হক বলেন, ‘আমাকে বহিষ্কার করার এখতিয়ার জেলা আওয়ামী লীগের নেই। বহিষ্কার করলে কেন্দ্রীয় আওয়ামী লীগকে করতে হবে। আমি বিদ্রোহী প্রার্থী নই, জনগণের প্রার্থী। জনগণ আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে।’
গতকাল বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। এতে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তিনি। মাহমুদুল হক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি প্রার্থী হওয়ায় আমার সঙ্গে যেসব নেতাকর্মী কাজ করে যাচ্ছে আমিসহ তাদের দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। আমার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে তাদের মনোবল নষ্ট করার জন্য। কিন্তু পৌরসভার জনগণের ভালোবাসা আমাকে সাহস জোগাচ্ছে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত।’
মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুবলীগের সাবেক নেতা রফিকুল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি মাহমুদুল হক ভূঁইয়াসহ তার সমর্থক ১৩ নেতাকে সাময়িক বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ।
