৩ নৌকাডুবির ঘটনায় ৪ লাশ উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৭ এএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৫) নামে একজন নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে মোহাম্মদ কাসেম (৫৮) ও দুপুরে মাঝি সাইদুল করিম (২৫) নামে দুজনের লাশ কর্ণফুলী মোহনার ১৮ নম্বর ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। নিহত দুজনই কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরং এলাকার বাসিন্দা।

গত সোমবার ভোরে চট্টগ্রামের চাকতাই থেকে মালামাল নিয়ে কুতুবদিয়া যাওয়ার পথে ঘনকুয়াশার কবলে পড়ে ট্যাঙ্কার জাহাজের সঙ্গে সংঘর্ষে ডুবে যায় কার্গোটি।

এছাড়া গত মঙ্গলবার সকালে কর্ণফুলীর ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যুবকের লাশও উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে কর্ণফুলীর ১২ নম্বর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম নাহিয়ান আল ফারুক অভি (২২)। তিনি কর্ণফুলী উপজেলার দক্ষিণ শাহমিরপুর এলাকার মো. মারজানের ছেলে।

অন্যদিকে সাতক্ষীরায় তিন দিনের মাথায় নৌকাডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতক্ষীরার উপসহকারী পরিচালক তারেক হাসান ভূঁইয়া জানান, গত মঙ্গলবার সকালে কুড়িকাহনিয়ায় নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজের তৃতীয় দিনে আজ (গতকাল) দুপুর ১২টার দিকে ডুবুরিরা কপোতাক্ষ থেকে বাবর আলী সরদারের (৪৫) লাশ উদ্ধার করেন। নিখোঁজ বাকি দুজন আবদুল আজিজ ও শফিকুল ইসলামের সন্ধানে কাজ করে যাচ্ছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত