দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কভিড-১৯ টিকার আওতায় আনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে অনেক শিক্ষকই টিকাগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। অনেকেই টিকা নিয়েছেন। কিন্তু এখনো বিভিন্ন কারণে অনেক শিক্ষক নিবন্ধন করতে পারেননি বলে জানা গেছে। যারা এখনো নিবন্ধনের আওতায় আসেননি, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন ও টিকাগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
এ নির্দেশনা সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। ওই আদেশে বলা হয়েছে, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কভিড-১৯ টিকার আওতায় আনার জন্য সরকার আন্তরিক।
গত ৯ ফেব্রুয়ারি ডিপিই থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলে সব বিদ্যালয় খুলে দেওয়া হবে। বর্তমানে ভাইরাস থেকে মুক্ত থাকতে সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টিকা নিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, ইতিমধ্যে শিক্ষকদের টিকা দেওয়ার নামের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ পর টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। সব শিক্ষক-কর্মকর্তা নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা নেবেন। কারা টিকা নিচ্ছে, কারা নিচ্ছে না, টিকা নেওয়ার পর শিক্ষকদের কী অবস্থা এসব বিষয় জানতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ডিপিই থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে আগামী সপ্তাহ থেকে প্রাথমিক শিক্ষকদের করোনার টিকা দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। গত ৯ ফেব্রুয়ারি সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর এ কথা বলেন তিনি।
এদিকে মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন দপ্তরে কর্মরত ১ হাজার ৮৮৬ জনকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
