রূপগঞ্জে পাটমন্ত্রীর বাড়িতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৭ এএম

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রূপগঞ্জের বাসভবনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রূপসী এলাকায় ঘটে এ ঘটনা।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রতি শুক্রবার তার বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। গতকাল কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পনির হোসেন মন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। এসময় গোলাম রসুল কলি গ্রুপের লোকজন পনির হোসেনসহ তার লোকজনকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে মন্ত্রীর সামনেই উভয় গ্রুপের লোকজন কথা কাটাকাটি ও মারপিটে জড়িয়ে পড়ে। এসময় প্যানেল মেয়র পনির হোসেন, হাসান, শরিফ, ফারুক, রাশেদসহ কমপক্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা হট্টগোল থামানোর চেষ্টা করেন। পরে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহযোগিতায় মারপিট থামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই কাঞ্চন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক পনির হোসেনের সঙ্গে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলির বিরোধ চলে আসছিল। গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে বিরাব বাজারে থাকা পনির হোসেনের কার্যালয়ে হঠাৎ করে গোলাম রসুল কলির নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় কার্যালয়ের সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। এ ঘটনার প্রতিবাদে পনির হোসেনের লোকজনসহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। গতকাল সকালে পনির হোসেনসহ তার লোকজন হামলা ভাঙচুরের ঘটনার বিচার দিতে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর রূপসী বাসভবনে যায়। সেখানে প্রতিপক্ষ গোলাম রসুল কলিসহ তাদের লোকজনও উপস্থিত ছিলেন। মন্ত্রীর বাসভবনে দুই গ্রুপ মখোমুখি হলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে প্যানেল মেয়র পনির হোসেন বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটা মন্ত্রী মহোদয়ের সামনে তার বাড়িতে ঘটেছে। তিনি এ ঘটনার সমাধান করবেন। এ ব্যাপারে আমি গণমাধ্যমে কথা বলতে রাজি নই।’

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি বলেন, ‘মন্ত্রীর বাসায় প্যানেল মেয়র পনিরের লোকজন হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন আহত হয়।’

এ ব্যাপারে জানতে বস্ত্র ও পাটমন্ত্রীর বক্তব্য নিতে তার ব্যক্তিগত সহকারী এমদাদুল হকের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে কোনো লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত