পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, চিকিৎসক নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৫ পিএম

মাদারীপুরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। শনিবার দুপুরে সদর উপজেলার পশ্চিম ছিলারচরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সায়েদ ভূঁইয়া (৪০) একই এলাকার সোবাহান ভূঁইয়ার ছেলে। সায়েদ পেশায় দন্ত চিকিৎসক ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে ওই এলাকার ফেরদৌস তালুকদার ও রহমান মৃধার সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৬ জন। তাদের মধ্যে সায়েদ ভূঁইয়াকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সায়েদ।

এ ছাড়া বাকি আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, হারুন কাজী (৬৫), চুন্নু মৃধা (৩২), আলমগীর কাজী (৩২), বুলবুল (৩৫)।

এ ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়ি-ভাঙচুর করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 

নিহতের চাচাতো ভাই জুলহাস জানান, আমার ভাই সায়েদ কে কুপিয়ে মারছে তারপর আমার দুটি ছোট সন্তান তাকেও মারছে এরা  মানুষ না পশু।

ফেরদৌস তালুকদার জানান, আমার ভাইকে কুপিয়ে মাইরা ফেলছে। ওরা এর আগেও আমাদের একাধিকবার হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা করেছ। এ ব্যাপারে রহমান মৃধার পক্ষের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

রহমান মৃধার পক্ষের লোকজন পলাতক থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদরের আঙ্গুলকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মো. নাসিরউদ্দিন জানান, এই এলাকায় প্রায় দুই পক্ষের সংঘর্ষ হয়। এর আগেও এদের দুই পক্ষের নামে একাধিক মামলা রয়েছে। তবে নিহত হওয়ার পরে যেন কেউ আবারও কোন ভাবে ভাঙচুর বা লুটপাট করতে না পারে তার  জন্য আমরা অতিরিক্ত পুলিশ রাখা হয়েছে।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি পূর্বশত্রুতার জেরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ মামলা করেনি। তবে মামলা হলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত