নরসিংদীর শিবপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। রবিবার ভোরে উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাসিন্দা। তিনি পিকআপের চালক ছিলেন।
শিবপুর থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম বলেন, রবিবার ভোর রাতে মনোহরদী থেকে মাছবাহী একটি পিকআপ ইটাখলার দিকে যাচ্ছিল। পিকআপটি উপজেলার সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছালে ইটাখলাগামী একটি ট্রাককে পেছনের দিক থেকে ধাক্কা দেয়।
এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই পিকআপের চালক আলমগীর মারা যান। আর পিকআপে থাকা দুইজন আহত হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপের চালকের ঘুমিয়ে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত পিকআপটি আমাদের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
