বরগুনার বলেশ্বর নদী থেকে ছোট্ট একটি বড়শি দিয়ে ৩২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ শিকার করেছেন কবির নামের স্থানীয় এক ব্যক্তি।
সোমবার ভোরে ছয়টার দিকে বলেশ্বর নদীর পদ্মা সুইচ গেট এলাকা থেকে মাছটি ধরা হয়। পরে মাছটি ২৯ হাজার টাকা দামে বিক্রি করেন তিনি।
এ বিষয়ে কবির বলেন, বলেশ্বর নদীতে আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ শিকার করি। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আমি বড়শি ফেলে আজ সকাল ছয়টার দিকে তুলতে চাই। তখন দেখি এই বড় মাছটি বড়শিতে ধরা পড়েছে।
তিনি আরও বলেন, যে বড়শিতে মাছটি ধরা পড়েছে ওই বড়শিটির দাম এক টাকা।
মাছটির ক্রেতা ইউনুস বলেন, মাছটিকে আমি ২৯ হাজার টাকায় কিনে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কেটে বিক্রি করার জন্য নিয়েছি। মাছটি দেখার জন্য উৎসুক জনতা বাজারে ভিড় করেছে বলেও জানান তিনি।
