মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার পৃথক তিনটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত জেলা সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি গোলাম মোস্তফার মালিকানাধীন শাওবান ফাইবার ইন্ডাস্ট্রিজসহ দুটি কারখানা ও সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিজে ওই অভিযান চালানো হয়।
এ সময় কারখানাগুলো থেকে ১ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ড নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের লেফটেন্যান্ট আশমাদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালা ভেঙে কারাখানাগুলোর ভেতরে প্রবেশ করেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় কারখানার ভেতর কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে মজুদ করা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হন তারা।
তিনি আরও জানান, জব্দ করা অবৈধ কারেন্ট জাল সকাল সাড়ে ১০টার দিকে বাগবাড়ী এলাকাসংলগ্ন ধলেশ^রী নদীর তীরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
