চিকিৎসা শেষে কাল দেশে ফিরবেন মির্জা ফখরুল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪২ এএম

চিকিৎসা শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে সিঙ্গাপুরের ফারার পার্ক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘গত সোমবার স্যারের একটি টেস্ট করা হয়েছে। টেস্টের ফলাফল নিয়ে দেশে ফিরবেন তিনি।’

গত ৩০ জানুয়ারি সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। তার সঙ্গে যান তার স্ত্রী রাহাত আরা বেগম। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিঙ্গাপুরে পৌঁছানোর পর সেখানকার আইন অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের।

আইজিপির সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ আজ : আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধিদল। গতকাল দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আব্দুস সালাম। তিনি জানান, বিএনপির উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গৃহীত কর্মসূচির সার্বিক নিরাপত্তার পাশাপাশি সার্বিক সহযোগিতা চাইতে তারা আইজিপির সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

এর আগে গত সোমবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার আইজিপির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে বিএনপির চিঠি পৌঁছে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত