ঠাকুরগাঁওয়ে আহত অবস্থায় উদ্ধার হয়েছে নীলগাই। গত মঙ্গলবার বিকেলে বিজিবির সহায়তায় বন বিভাগ নীলগাইটি উদ্ধার করে। গতকাল বুধবার সকালে প্রাণিসম্পদ বিভাগ প্রাথমিক চিকিৎসা ও গাইটির গলায় ১২টি সেলাই দিয়েছে।
মঙ্গলবার সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া শালডাঙ্গা গ্রামে বিরল প্রজাতির একটি নীলগাই আটক করে স্থানীয়রা।
পাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য রাজকুমার গোস্বামী বলেন, ভারত সীমান্তবর্র্তী নাগর নদীর পাড়ে পথচারীরা নীলগাইটি দেখতে পান। পরে তারা নীলগাইটিকে ধরে নাক ও গলায় দড়ি দিয়ে বেঁধে রাখেন। এ সময় স্থানীয়রা এটিকে জবাই করার চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে যায়। সেখান থেকে গাইটি উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে নীলগাইটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে নীলগাইটি পাড়িয়া ইউনিয়নের বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মনিনুর রহমান, শাহজাহান, সিরাজসহ অনেকে বলেন, নদীসংলগ্ন গমক্ষেতে নীলগাইটি ছোটাছুটি করছিল। এরপর গ্রামবাসী একত্র হয়ে নীলগাইটি ধরে ফেলে। কয়েকজন গাইটি জবাই করার চেষ্টায় ধারালো ছুরি চালায়। পরে বিজিবি সদস্যরা খবর পেয়ে গাইটি উদ্ধার করে প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা ও জবাই করা স্থানে সেলাই দেয়। বন বিভাগ ঠাকুরগাঁও রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহানশাহ আকন্দ বলেন, নীলগাইটির যেন কোনো সমস্যা না হয়, সেদিকে বিশেষ লক্ষ রাখা হচ্ছে। গাইটিকে বঙ্গবন্ধু সাফারি পার্কে নেওয়া হবে বলে জানান তিনি।
