পুরান ঢাকার ওয়ারীর একটি বাসা থেকে হাসান (১২) নামে এক শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে ওয়ারীর পদ্মনিধি লেনের ষ্ষঠতলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ওয়ারী থানার এস আই মো. আসাদুজ্জামান জানান, শিশুটি ওয়ারীর পদ্মনিধি লেনের একটি বাসার ৬ষ্ঠ তলায় খালা আয়সা ও খালু জামান ভূইয়ার বাসায় থাকতো। বুধবার দিবাগত রাত ১০টার দিকে খবর পেয়ে ওয়ারীর ওই বাসায় গিয়ে তোষকের উপড় থেকে হাসানের জবাই করা মরদেহ উদ্ধার করা হয়।
বাসার লোকজনদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, হাসান বুধবার বিকালে বাসায় একাই ছিল। কয়েকজন যুবক চুরি করার উদ্দেশ্যে বাসায় ঢুকে। বাসায় হাসানকে একা পেয়ে জবাই করে বাসা থেকে স্বর্নালংকার ও নগদ টাকা পয়সা নিয়ে যায়।
এসআই আসাদুজ্জামান আরও জানান, এই ঘটনায় এক যু্বকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে আরো কয়েকজন ছিল। তাদেরকেও আটকের চেষ্টা চলছে।
নিহত হাসানের খালু জামান ভূঁইয়া জানান, অনেক বছর আগে হাসানের মা ফাতেমা আক্তার ও বাবা মঞ্জু আলাদা হয়ে যান। তারপর থেকে হাসান ও তার আরও এক ভাই ও দুই বোনের সবাই নানা-নানীর কাছে থাকতো। নানা–নানী উভয়ে মারা যাওয়ার পরপ্রায় ৫ মাস আগে থেকে হাসান তাদের বাসায় থাকা শুরু করে।
তিনি আরো জানান, ঘটনার সময় হাসান বাসায় একা ছিল। তার খালা আয়সা মার্কেটে গিয়েছিলেন।
জামান আরো জানান, বাসার ভিতরে থাকা সব আসবাপত্র ভাঙ্গা অবস্থায় ছিল। পরে দেখা যায়, বাসা থেকে আনুমানিক নগদ ৮৫ হাজার টাকা ও আট থেকে নয় ভরি স্বর্ণ খোয়া গিয়েছে।
