বিলুপ্তপ্রায় ম্রো ভাষা ও বর্ণমালা বাঁচিয়ে রাখতে ম্রো ভাষা ও বর্ণমালায় রচিত পাঁচটি বই প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবানের ম্রোচেট অফিসের সম্মেলন কক্ষে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
বইগুলো রচনা করেছেন ম্রোদের বর্ণমালা ও ক্রামা ধর্মের প্রবক্তা ক্রামাদি মেনলে ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ম্রো লেখক ইয়াংঙান ম্রো। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রেংমিটচ্য ভাষা রক্ষার দাবিও তোলা হয়। ম্রো মাতৃভাষা রক্ষা কমিটির আয়োজনে উন্মোচিত পাঁচটি বইয়ের তিনটি হলো ক্রামাদি মেনলের। এগুলো হলো হইলাই (বাংলায় তর্জমা করলে উপদেশমূলক), অরি খতি (নিয়মনীতি), রাঅং সাংচিয়া (রাসং নামে এক ব্যক্তির গল্প)। ইয়াংঙান ম্রোর দুটি ম্রোচ্য সাংচিয়া (ম্রো রূপকথা) ও রোয়াসাং (প্রাথমিক গণিত)।
মেনরন ম্রোর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধজ্যোতি চাকমা, লেখক ক্যচমং মারমা ও ম্রো লেখক ইয়াংঙান ম্রো প্রমুখ।
