নির্বাচনী শোডাউনের মোটরসাইকেল চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৪ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নির্বাচনী শোডাউনের মোটরসাইকেলচাপায় শহর আলী শেখ (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে উপজলার রানাখড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ৩ নম্বর তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন ঘিরে শুক্রবার বিকেলে মোটরসাইকেল শোডাউন বের করেন সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হান্নান ম-লের সমর্থকরা। সন্ধ্যার দিকে রানাখড়িয়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় শহর আলী শেখ কয়েক শ মোটরসাইকেলের মধ্যে আটকা পড়েন। একপর্যায়ে একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। পরে তার শরীরের ওপর দিয়ে আরও কয়েকটি মোটরসাইকেল চলে যায়। শোডাউন চলে যাওয়ার পর স্থানীয়রা শহর আলীকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হান্নান মন্ডল বলেন, ‘আমার নির্বাচনী শোডাউনের মধ্যে বাইরের কেউ মোটরসাইকেল এনে এ ঘটনা ঘটিয়েছে। এটিকে বিরোধীপক্ষ কাজে লাগিয়ে নির্বাচনী ফায়দা নিতে চাইছে। মূলত এই বৃদ্ধের মৃত্যুর সঙ্গে আমার শোডাউনের কোনো সম্পর্ক নেই।’

হাইওয়ে পুলিশের টিআই জুলহাস উদ্দিন জানান, শোডাউনের মোটরসাইকেলের ধাক্কায় শহর আলী শেখের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর মালিকের সন্ধান করা হচ্ছে।

মিরপুর থানার ওসি (তদন্ত) পরিদর্শক শুভ্র প্রকাশ দাস জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ কিংবা মামলা করেনি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘এখনো এই ইউনিয়নের নির্বাচন বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেয়নি। ফলে সম্ভাব্য কেউ প্রার্থী হওয়ার আশায় শোডাউন করলে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নিতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত