হাসপাতাল থেকে চুরি

সিরাজগঞ্জে এক শিশু জীবিত অন্যটি মৃত উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০২১, ০১:১০ এএম

সিরাজগঞ্জে হাসপাতাল থেকে চুরি যাওয়া দুই শিশুর একজনকে জীবিত ও আরেকজনকে মৃত উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ি থেকে সলঙ্গা থানার পুলিশ তাদের উদ্ধার করে।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলোকদিয়া গ্রামের কল্পনা খাতুনকে (২৫) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আরও ৪ নারী ও ২ পুরুষকে আটক করে। তারা হলেন রবিউল ইসলাম (৩০), তার স্ত্রী মায়া খাতুন (২০), তার মা সায়রন বেওয়া (৫৫), বোন আলপনা খাতুন (২৪), চাচি মিনা খাতুন (৫২) ও একই গ্রামের পল্লী চিকিৎসক শরিফুল ইসলাম (৪৫)।

এ ছাড়া সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের এক পরিচ্ছন্নতাকর্মীকে পুলিশ আটক করেছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেনি। সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার মৃত শিশু মাহিম (২৩ দিন) উল্লাপাড়া উপজেলার লাহিড়ি মোহনপুর ইউনিয়নের ভাদালিয়া গ্রামের চয়ন ইসলাম ও শারমিন খাতুন দম্পতির ছেলে। জীবিত শিশু সামিউল (৬ ঘণ্টা) তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামের আবদুল মাজেদ ও সবিতা খাতুনের ছেলে।

সামিউলকে সাদ্দামের স্ত্রী কল্পনার কোল থেকে এবং বাড়ি তল্লাশি করে ধানের গোলার মধ্য থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়।

গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে মাহিমকে চুরি করা হয়। আর ২৭ ফেব্রুয়ারি হাটিকুমরুল গোলচত্বরের শাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজাতক সামিউলকে চুরি করা হয়।

সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শনিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বরের শাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে নবজতাক চুরি যাওয়ার পর ওই হাসপাতাল, আশপাশের আরও কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যবেক্ষণ ও বিভিন্ন দিক পর্যালোচনা করে রাত সাড়ে ১০টার দিকে উল্লাপাড়ার আলোকদিয়া গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত