পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবহন মালিকরা বলছেন, মঙ্গলবার বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কায়’ বাস চলাচল বন্ধ করা হয়েছে।
আকস্মিক বাস বন্ধ করে দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সোমবার সকাল থেকে রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচল করছিল সীমিত আকারে। তবে দুপুর ১২টা থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। রাজশাহী থেকে ঢাকা রুটে দু’একটি বাস চলাচল চালু রাখা হয়েছে। আন্তজেলা ও উপজেলা পর্যায়ের বাস পুরোপুরি বন্ধ।
রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবার বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। আমরা দেশের বিভিন্ন জায়গায় তাদের সমাবেশ গিয়ে সংঘাতের ঘটনা জানতে পারছি। এখানেও এমন ঘটনা ঘটবে না এমন গ্যারান্টি নেই। এ কারণে সবার মধ্যেই এক ধরনের শঙ্কা কাজ করছে। এরই প্রেক্ষিতে মূলত রাজশাহী থেকে বাস চলছে না। এটা বাস শ্রমিকরা নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখেই করছে। কখন নাগাদ বাস চলবে জানতে চাইলে তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক হলেই আবারো সব রুটে বাস চলাচল শুরু হয়ে যাবে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এখন পর্যন্ত তাদের বিভাগীয় সমাবেশের অনুমতি ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়নি। এর ওপর সকালে হঠাৎ রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেও সমাবেশের আগে এ রকম করা হয়েছে। এর কারণ বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে। এটি বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা।
এর আগে খুলনায় বিএনপির সমাবেশের আগে সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়।
