চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খালে নির্মাণাধীন কালারপোল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবাহী ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ট্রলারে থাকা দুজন শ্রমিক।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিখোঁজ দুজনের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান।
তিনি বলেন, সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ দুজনকে পাওয়া যায়নি। জোয়ারের কারণে আপাতত উদ্ধার কাজ বন্ধ রয়েছে। বিকেলে ভাটির সময় উদ্ধার কাজ পুনরায় শুরু হবে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম বলেন, ‘ভোর ৪টার দিকে কালারপোল এলাকায় একটি ট্রলারডুবির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ ঘটনায় ট্রলারে থাকা দুজন এখনো নিখোঁজ রয়েছেন এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।’
