রায়পুরে অগ্নিকান্ডে ২৫ দোকান ছাই

আপডেট : ০৩ মার্চ ২০২১, ১২:১৮ এএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা তীরবর্তী খাসেরহাট বাজারে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। গত সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রায়পুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার ওয়াসি আজাদ জানান, রাত ৩টার দিকে বাজারের আবু তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকান ঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের খবরে জেলা থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ আগুন লাগতে পারে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, বাজারের ২৫টি দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করছেন।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের খুব দ্রুত প্রশাসনিকভাবে সহায়তা করা হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত