ধর্ষণ মামলায় অভিযুক্ত চেয়ারম্যান বরখাস্ত

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০১:০৫ পিএম

ফেনীর ফুলগাজীতে ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নুরুল ইসলাম ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সহসভাপতি। মঙ্গলবার রাতে ফেনীর একটি চাইনিজ রেস্তোরাঁয় উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভার শেষে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে জানান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘২০১৮ সালের এপ্রিল মাসে ফুলগাজী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত নুরুল ইসলামের বিরুদ্ধে ওই অভিযোগপত্র গ্রহণ করেন।

নুরুল ইসলাম অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকায় সদর ইউপির চেয়ারম্যানের দায়িত্বে থাকা সমীচীন নয়। তাই ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ৩৪(১) ধারা অনুযায়ী ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান পদ থেকে নুরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম জানান, ধর্ষণ মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গ্রহণ হওয়ায় স্থানীয় সরকার বিভাগের ইপ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপন স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এই আদেশ বাস্তবায়ন করা হয়েছে। এখন থেকে সেখানে প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুলিশ সূত্র জানায়, এক বিচারপ্রার্থী নারীকে ধর্ষণের মামলায় ২০১৮ সালের ১১ এপ্রিল নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। কিছুদিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত