আহমেদাবাদে আবারো ইংলিশদের ব্যাটিং বিপর্যয়

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৭:৪০ পিএম

আহমেদাবাদে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও ইংল্যান্ড ব্যাটসম্যানরা লড়াই করতে পারলেন না। ভারতের বিপক্ষে সফরকারীদের প্রথম ইনিংস শেষ হলো ২০৫ রানে।

মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্ট শেষ হয়েছিল মাত্র দুই দিনেই। সেই ম্যাচের পিচ নিয়ে পরে অনেক আলোচনা হয়েছে। একই ভেন্যুতে হচ্ছে চতুর্থ টেস্ট। যেখানে ইংলিশ ব্যাটাররা আগের ভুলগুলোই করে গেছে। দিয়েছে অতিরিক্ত আগ্রাসনের মাশুল।

বেন স্টোকস ৫৫ রানের ইনিংস খেলেছেন। ড্যান লরেন্স ৪৬ রান করেন।

ভারতীয় বোলাররা ছিল দুর্দান্ত। বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল আবরো ভুগিয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের। ৬৮ রান খরচায় ৪ উইকেট নিয়ে সবচেয়ে সফল তিনি। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৩ উইকেট।

ইংলিশরা গুটিয়ে যাওয়ার পর ভারত তাদের প্রথম ইনিংস শুরু করে। ১ উইকেট হারিয়ে ২৪ রান তুলে দিন শেষ করে দলটি। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার শুভমান গিলকে (০) হারায় ভারত। তাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন অ্যান্ডারসন।

রোহিত শর্মা ৮ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে অপরাজিত আছেন।

চার ম্যাচের সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ এ। এই ম্যাচে হার এড়াতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দলটি। প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। যারা আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২০৫-১০ (স্টোকস ৫৫, অক্ষর ৪-৬৪)

ভারত প্রথম ইনিংস: ২৪-১ (অ্যান্ডারসন ১-০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত