সোনারগাঁয়ের লোকজ উৎসবে দর্শনার্থীদের ঢল

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১১:২৫ পিএম

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসবে গতকাল শুক্রবার ছুটির দিনে ছিল উপচেপড়া ভিড়।

গতকাল সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতা-দর্শনার্থীর পদভারে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।

আবহমান বাংলার লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং বিলুপ্তপ্রায় লোক ঐতিহ্য ও সংস্কৃতিকে সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর এ উৎসবের আয়োজন করা হয়।

করোনা প্রাদুর্ভাবের জন্য এ বছর সময়মতো উৎসব শুরু করা যায়নি। তাই দেড় মাস পিছিয়ে গত ১ মার্চ থেকে ঐতিহ্যবাহী এ উৎসব শুরু হয়েছে। বিপুল দর্শনার্থীর চাপে গতকাল উৎসব প্রাঙ্গণের বাইরের রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে উৎসবে আসা দর্শনার্থীসহ স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়েছে।

কারুশিল্পীদের কারুকর্ম প্রদর্শন ও বিপণনের পাশাপাশি উৎসবে ঐতিহ্যবাহী পুতুল নাচ, বায়াস্কোপ প্রদর্শনী ও নাগরদোলার ব্যবস্থা রাখা হয়েছে। উৎসব প্রাঙ্গণের সোনারতরী লোকজ মঞ্চে মনোজ্ঞ লোকসাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শনার্থীরা। এ উৎসব চলবে ৩০ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এ লোকজ উৎসব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত