কমলগঞ্জে চালককে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১১:২৭ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরে ফিলিং স্টেশনে গ্যাস ভরার লাইন ভাঙা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠুু তদন্ত এবং যথাযথ বিচারের দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভানুগাছ-শমসেরনগর সড়ক অবরোধ করে রাখেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী।

নিহত জলিল মিয়া (২৭) উপজেলার আলীনগর বস্তি এলাকার মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া ওরফে লাল মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হন মাইক্রোবাসচালক মনির মিয়া। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতের পর অটোরিকশার চালক জলিল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জলিলের স্ত্রী জরিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, যারা আমার স্বামীকে মেরেছে এবং আমার ছেলেকে পিতৃহারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে স্থানীয় ও সহকর্মীরা গতকাল সড়ক অবরোধ করলে কমলগঞ্জ থানার পুলিশ গিয়ে ঘাতকদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ঘাতকদের খোঁজে বের করতে পুলিশ অভিযানে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত