সিলেটে স্ত্রী, কুমিল্লায় তরুণকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১১:২৮ পিএম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে স্বামীর মারপিটে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামী নিজে থানায় হাজির হয়ে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। পরে পুলিশ বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, শ্রীরামপুর গ্রামের নুরুল মিয়ার ছেলে সাহিদ আহমদের (২৭) সঙ্গে কয়েক বছর আগে লাকি বেগমের (২৫) বিয়ে হয়। এই দম্পতির ৫ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। গত বৃহস্পতিবার তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাহিদ স্ত্রীকে উপর্যুপরি ঘুষি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার আরিফ হোসেন (২৫) নামে এক তরুণকে তিতাস উপজেলায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে তিতাস উপজেলার নতুন ভাটেরা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আরিফ দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি গ্রামের বজলুর রহমানের ছেলে।

নিহতের চাচাতো ভাই মাজারুল ইসলাম বলেন, আরিফ দাউদকান্দি সদরের জনতা মার্কেটে তৈরি পোশাকের ব্যবসা করতেন। ভাটেরা গ্রামের কয়েকজনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল। বৃহস্পতিবার রাতে ভাটেরা গ্রামের কেউ ফোন করে আরিফকে ডেকে নিয়ে মারধর করছে। এমন খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দির একটি বেসরকারি হাসপাতালে এবং পরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে আরিফ মৃত্যুর কোলে ঢলে পড়েন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত