ডিজিটাল নিরাপত্তা আইন

সংশোধনের বিষয়ে অপেক্ষায় থাকতে হবে : আইনমন্ত্রী

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০২:১২ এএম

বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো পরিবর্তন বা সংশোধন আনা হবে কি না, তা ‘কিছু দিনের মধ্যেই দেখা যাবে’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন চত্বরে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এমন কথা বলেন।

কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিতর্কিত এই আইন পরিবর্তন বা সংশোধন করার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা সরকারের আছে কি না? এর উত্তরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা কিছু দিনের মধ্যে তা দেখতে পাবেন।’

এর আগে ১ মার্চ আইনমন্ত্রীকে উদ্ধৃত করে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘এই আইনে (ডিজিটাল নিরাপত্তা আইন) কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না, এমন একটি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি ও উদ্বেগের মধ্যেই ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হয় ডিজিটাল নিরাপত্তা আইন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের সমালোচিত ৫৭ ধারাসহ কয়েকটি ধারা বাতিল করে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হলেও পুরনো আইনের কয়েকটি ধারা নতুন আইনে রেখে দেওয়ায় এর অপপ্রয়োগের শঙ্কা নিয়ে আলোচনা আগে থেকেই ছিল। আর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু তারই প্রমাণ বলে এখন অনেকেই দাবি করছেন।

লেখক মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কিশোরকে গত বছরের মে মাসে গ্রেপ্তার করে র‌্যাব। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারাসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। ওই মামলার আসামি মুশতাক আহমেদ গত ২৫ ফেব্রুয়ারি রাতে কারাগারে অসুস্থ হয়ে মারা যান। এর আগে বেশ কয়েকবার জামিন চেয়ে ব্যর্থ হয়েছিলেন মুশতাক আহমেদ। তার মৃত্যু এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। আন্দোলন ও বিক্ষোভ এখনো চলছে। বিতর্কিত এ আইনটি বাতিলের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে আখাউড়ার পথসভায় আইনমন্ত্রী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কিছু দিন আগে বাংলাদেশ গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জনগণের সহযোগিতায় শেখ হাসিনার পরিশ্রমের ফসল এটি। সবাই মিলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে।’

 তিনি আরও বলেন, ‘করোনা মহামারীতে সারা বিশ্বে ২৫ লাখ লোক মারা গেছে। আমরা আর কাউকে হারাতে চাই না। করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা জয়ী হতে চাই। এ জন্য সবাইকে দ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন প্রমুখ। 

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়ায় এসে পৌঁছান আইনমন্ত্রী আনিসুল হক। পরে তিনি সড়কপথে কসবা যাওয়ার জন্য আখাউড়া ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত